লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরেকটি মাইলফলক। ইন্টার মায়ামির জার্সিতে ১০০ গোল পূর্ণ করেছেন আর্জেন্টাইন তারকা। তাঁর শততম গোলের ম্যাচেই ক্রুজ আজুলকে ২–০ গোলে হারিয়ে ক্যাম্পিওনেস কাপ জিতেছে মায়ামি।
মায়ামির হয়ে মেসির ১০০তম গোলটি এসেছে হেডে। ম্যাচের ২৪ মিনিটে ডান দিক থেকে লুইস সুয়ারেজের দারুণ ক্রসে নিজের মার্কারকে টপকে উঠে হেড করেন মেসি। বল জালে জড়াতেই পূর্ণ হয় মায়ামির হয়ে তাঁর শততম গোল।
ম্যাচের ৮১ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন কাসেমিরো। তাতেই নিশ্চিত হয় মায়ামির ২–০ গোলের জয় এবং ক্যাম্পিওনেস কাপের শিরোপা।
মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নের মধ্যকার বার্ষিক লড়াই ক্যাম্পিওনেস কাপ। এবারই প্রথম এই শিরোপা জিতল ইন্টার মায়ামি। চলতি বছরে এটিই মেসির প্রথম শিরোপা।
একই সঙ্গে নতুন কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসের অধীনে মায়ামির পথচলাও শুরু হলো শিরোপা দিয়ে।
১১৫ ম্যাচে ১০০ গোল
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মাত্র ১১৫ ম্যাচেই ১০০ গোল করেছেন মেসি। কোনো ক্লাব বা জাতীয় দলের হয়ে ১০০ গোলের মাইলফলকে পৌঁছাতে এটিই তাঁর দ্রুততম সময়।
বার্সেলোনার হয়ে ১০০ গোল পূর্ণ করতে মেসির লেগেছিল ১৮৮ ম্যাচ। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ১৭৪ ম্যাচ।
২০২৩ সালে মায়ামিতে যোগ দেন মেসি। মজার ব্যাপার হলো, ক্লাবটির হয়ে তাঁর প্রথম গোলটিও এসেছিল ক্রুজ আজুলের বিপক্ষে।
মায়ামির হয়ে মেজর লিগ সকারে মেসির গোল ৭৬টি। লিগস কাপে ১৪টি, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ৮টি এবং ফিফা ক্লাব বিশ্বকাপে ১টি গোল করেছেন তিনি।
মায়ামির হয়ে চতুর্থ শিরোপা
মায়ামির হয়ে ২০২৩ সালে প্রথম শিরোপা জিতেছিলেন মেসি—লিগস কাপ। পরের বছর সাপোর্টার্স শিল্ড জেতে মায়ামি। সেই মৌসুমে এমএলএসে ৭৪ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়েছিল দলটি।
এরপর ২০২৫ সালের এমএলএস কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। এবার ক্যাম্পিওনেস কাপও যোগ হলো তাঁর মায়ামি অধ্যায়ের ট্রফির তালিকায়।
ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে মেসিই নির্বাচিত হয়েছেন সেরা খেলোয়াড়।
মোট গোল ৯২৯
ক্লাব ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির মোট গোল এখন ৯২৯টি।
চলতি এমএলএস মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ২২ ম্যাচে করেছেন ১৯ গোল, যা লিগে সর্বোচ্চ। তবে এমএলএসের শিরোপা ধরে রাখার দৌড়ে মায়ামি এখন পয়েন্টের ব্যবধানে পিছিয়ে।
ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল। একইসংখ্যক ম্যাচে মায়ামির পয়েন্ট ৪৫—ব্যবধান ৯ পয়েন্ট।
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:২৬ অপরাহ্ণ