কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বসবাসরত ২২ বছর বয়সী কবি রো হেফজুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৪৮ পৃষ্ঠার বইটির নাম ‘স্টিল আই ব্রিদ: ভয়েসেস দ্য ওয়ার্ল্ড মাস্ট হিয়ার’ (Still I Breathe: Voices the World Must Hear)।
চলতি বছরের শুরুর দিকে বইটি প্রকাশিত হলেও সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ এক সাহিত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এর মোড়ক উন্মোচন করা হয়। আন্তর্জাতিক সাহিত্য সংগঠন পেন ইন্টারন্যাশনাল ও তাদের ইয়াং রাইটার্স কমিটির সহযোগিতায় আয়োজন করা হয় অনুষ্ঠানটি।
রো হেফজুরের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং শহরের কিয়াং তং গ্রামে। বর্তমানে তিনি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীশিবিরে বসবাস করছেন। ক্যাম্পে তিনি রোহিঙ্গা শিশুদের পড়াশোনায় সহায়তার পাশাপাশি তরুণদের শিক্ষা কার্যক্রমের সঙ্গেও যুক্ত।
হেফজুরের কবিতায় উঠে এসেছে ঘরহারা মানুষের বেদনা, নির্বাসনের যন্ত্রণা ও নিপীড়নের স্মৃতি। পাশাপাশি বন্ধুত্ব, ভালোবাসা, শিক্ষা ও ধর্মীয় উৎসবের মতো বিষয়ও স্থান পেয়েছে তাঁর লেখায়। নিজের ভাষা ও সংস্কৃতি ধরে রাখার আকুতিও তাঁর কবিতায় বারবার প্রকাশ পেয়েছে।
রোহিঙ্গা লেখকদের কণ্ঠ
‘রোহিঙ্গা ফিউচার্স’ প্রকল্পের আওতায় গবেষক ড. রোনান লির সহযোগিতায় বইটি প্রকাশিত হয়েছে। প্রকল্পটি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা লেখকদের সাহিত্যকর্ম প্রকাশ ও তাঁদের লেখালেখিকে বিশ্বের সামনে তুলে ধরার কাজ করছে।
এর আগে উদীয়মান তরুণ লেখকদের জন্য পেন ইন্টারন্যাশনালের সহযোগী উদ্যোগ ‘টুমরো ক্লাব’-এর সঙ্গে যুক্ত হন হেফজুর। সেখানে তাঁর কবিতা ও একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়।
অনলাইনে বই প্রকাশের পর হেফজুর পেন ইন্টারন্যাশনালকে জানান, অর্থের অভাবে ক্যাম্পে থাকা বন্ধু ও স্বজনদের হাতে বইটির মুদ্রিত কপি তুলে দেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। এরপর তাঁর সেই ইচ্ছা পূরণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে পেন ইন্টারন্যাশনাল।
রোহিঙ্গা লেখক মায়ু আলীর সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের হাতে বইটির মুদ্রিত কপি তুলে দেওয়া হয়।
কালের আলো/এসএ

সাহিত্য ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:২৪ অপরাহ্ণ