প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর তাঁর সাবেক স্বামী ও যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লসকে দেখে মনে হয়েছিল, তিনি যেন ‘লটারি জিতেছেন’—এমন দাবি করেছেন ডায়ানার ভাই চার্লস স্পেন্সার।
নিজের নতুন বইয়ে এ দাবি করেছেন স্পেন্সার। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে বইটির নতুন একটি অংশ প্রকাশিত হলে বিষয়টি সামনে আসে।
স্পেন্সারের ভাষ্য অনুযায়ী, ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তৎকালীন প্রিন্স চার্লসকে তিনি অন্যদের মতো শোকে বাকরুদ্ধ দেখেননি। বরং তাঁকে বেশ প্রফুল্ল মনে হয়েছিল। সেই মুহূর্তে তাঁর মনে হয়েছিল, চার্লস যেন ‘লটারি জিতেছেন’।
স্পেন্সার মনে করেন, ডায়ানার মৃত্যুর পর চার্লসের মনে হয়তো প্রিয় নারী ক্যামিলা পার্কারকে বিয়ে করার পথে আর কোনো বাধা নেই। তাঁর দাবি, চার্লস ডায়ানাকে হারানোর শোকের চেয়ে ক্যামিলাকে বিয়ে করার সম্ভাবনাই হয়তো প্রথমে বেশি অনুভব করেছিলেন।
তবে চার্লসের মুখপাত্র এর আগে বইটির প্রথম অংশ প্রকাশের পর বলেন, শোক মানুষের যুক্তি, বিচারবোধ ও স্মৃতিশক্তিকে প্রভাবিত করতে পারে। নতুন প্রকাশিত অংশ নিয়ে রাজপ্রাসাদের পক্ষ থেকে অবশ্য কোনো মন্তব্য করা হয়নি।
বইটিতে ডায়ানার মানসিক যন্ত্রণা নিয়েও বেশ কিছু দাবি করা হয়েছে। স্পেন্সারের দাবি, মানসিক কষ্টের সময় ডায়ানা কয়েকবার গাড়ি চালিয়ে আত্মহত্যার জন্য পরিচিত একটি স্থানে গিয়েছিলেন। তবে দুই ছেলে উইলিয়াম ও হ্যারির কথা ভেবে তিনি শেষ পর্যন্ত সেখান থেকে ফিরে আসেন।
১৯৯২ সালে চার্লস ও ডায়ানা আলাদা হয়ে যান এবং ১৯৯৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর ২০০৫ সালে চার্লস ক্যামিলা পার্কারকে বিয়ে করেন। ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় প্রেমিক দোদি আল-ফায়েদের সঙ্গে নিহত হন ডায়ানা। তখন তাঁর বয়স ছিল ৩৬ বছর।
সূত্র: রয়টার্স
কালের আলো /এসএ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:২৫ অপরাহ্ণ