আগামী ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো শুরু হচ্ছে ফিফা এসিয়ান কাপ। ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়া পর্বে। আসরকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল প্রস্তুত করেছেন কোচ টমাস ডুলি। আজ অথবা আগামীকাল আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা হতে পারে।
জাতীয় দলের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, অভিজ্ঞ খেলোয়াড়দের প্রাধান্য দিয়েই দল সাজিয়েছেন ডুলি। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরতে পারেন সেন্টারব্যাক মঞ্জুরুর রহমান। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছিল তাঁর।
প্রবাসী ফুটবলারদের মধ্যে ট্রায়ালে অংশ নেওয়া ইয়াসার তাহমিদ ও দেবজিৎ সরকার ইতিমধ্যে ক্যাম্প থেকে বাদ পড়েছেন। বাকি চারজনের মধ্যে শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ চূড়ান্ত দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন। ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসিতে খেলা ফারহান আলীকেও দলে দেখা যেতে পারে।
ঢাকার ক্যাম্পে না থাকলেও ইন্দোনেশিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী ও শমিত সোম। তাঁদের অন্তর্ভুক্তি বাংলাদেশের মাঝমাঠে অভিজ্ঞতা ও ভারসাম্য বাড়াতে পারে।
তবে ভিসা জটিলতার কারণে বাংলাদেশ দলের ইন্দোনেশিয়া যাত্রা এক-দুই দিন পিছিয়ে যেতে পারে। প্রাথমিকভাবে আগামীকাল দেশ ছাড়ার কথা রয়েছে দলের।
এসিয়ান কাপে বাংলাদেশ খেলবে ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টুর্নামেন্ট অভিযান। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড
গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন।
ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মন, শাকিল আহাদ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, শাকিল হোসেন/জিদান ইউসুফ, মঞ্জুরুর রহমান, রহমত মিয়া।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরছালিন।
ফরোয়ার্ড: ফাহামিদুল ইসলাম, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, ফারহান আলী, ফয়সাল আহমেদ/মিনহাজুল করিম।
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর ডিভিশন-১-এর প্রতিটি দলের আরও একটি ম্যাচ থাকবে। ‘এ’ ও ‘বি’ গ্রুপে দলগুলোর অবস্থানের ওপর নির্ভর করবে সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ।
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ । ২:১৯ অপরাহ্ণ