চলতি সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে ৪০ হাজার ৫৯৩ জন বাংলাদেশি কর্মী কাজের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা কম হলেও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈদেশিক কর্মসংস্থানে যে ধাক্কা লেগেছিল, তা কাটিয়ে আবারও গতি ফিরছে বলে সংশ্লিষ্ট তথ্য থেকে দেখা গেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে ৫৯ হাজার ৩২ জন বাংলাদেশি কর্মী বিদেশে গিয়েছিলেন। চলতি বছরের একই সময়ে গেছেন ৪০ হাজার ৫৯৩ জন।
দেশভিত্তিক হিসাবে বরাবরের মতোই শীর্ষে রয়েছে সৌদি আরব। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে দেশটিতে ২০ হাজার ৩৪১ জন বাংলাদেশি কর্মী গেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরে গেছেন ৪ হাজার ৫৮১ জন। এছাড়া কাতারে ৩ হাজার ৮৫৬ জন, মালদ্বীপে ২ হাজার ৬০১ জন এবং সংযুক্ত আরব আমিরাতে ২ হাজার ৫৬০ জন কর্মী গেছেন।
অন্যান্য দেশের মধ্যে কুয়েতে ২ হাজার ২২১ জন, পর্তুগালে ৬৩৮ জন, ইতালিতে ৬১৭ জন, লাওসে ৩৯৩ জন, জর্ডানে ২৯৪ জন, লেবাননে ২২৩ জন, মরিশাসে ২১২ জন, গ্রিসে ২০৫ জন, ফিজিতে ১৯৩ জন এবং ভিয়েতনামে ১৭৪ জন বাংলাদেশি কর্মী পাড়ি জমিয়েছেন।
অন্যদিকে, ২০২৫ সালের সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে সৌদি আরবে ৩৭ হাজার ২৭৩ জন কর্মী গিয়েছিলেন। ওই সময়ে কাতারে ৬ হাজার ১৯৩ জন এবং সিঙ্গাপুরে ৪ হাজার ৬৫ জন কর্মী গিয়েছিলেন।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যকেন্দ্রিক শ্রমবাজারে প্রভাব পড়ে। এর প্রভাবে মার্চে বাংলাদেশি কর্মীদের বৈদেশিক কর্মসংস্থান কমে ৪৪ হাজার ৬০০ জনে নেমে আসে। তবে পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিদেশে কর্মী যাওয়ার প্রবণতাও বাড়তে শুরু করেছে।
কালের আলো/এম/এসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:০৭ অপরাহ্ণ