জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, পুত্রসন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। তবে সেই খবরকে সত্য নয় বলে জানিয়েছেন মৌসুমী হামিদ।
গুঞ্জনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রসিকতা করে অভিনেত্রী বলেন, ‘আমার ছেলে হয়েছে, কিন্তু আমারে তো বলেনি! কেমন খারাপ বলুন তো? আমি তো কোথাও দেখলাম না।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলে হবে কিনা জানি না, কিন্তু এরা তো আমাকে পুত্র সন্তানের মা বানিয়ে দিয়েছে। বাহ, অসাধারণ! চিকিৎসকও বলেননি ছেলে নাকি মেয়ে হবে।’
মৌসুমী হামিদ জানান, বর্তমানে তিনি সুস্থ ও ভালো আছেন। তার শারীরিক অবস্থায় কোনো ধরনের জটিলতা নেই। একই সঙ্গে নিজের ও অনাগত সন্তানের জন্য ভক্ত-শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি শাওয়ারের কয়েকটি ছবি প্রকাশ করেন মৌসুমী হামিদ। নিজের বাসার ছাদে ঘরোয়া আয়োজনে স্বজন ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ-আড্ডায় সময় কাটাতে দেখা যায় তাকে।
প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হওয়ার সুখবর প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ।
কালের আলো/এম/এসআইপি

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:২৭ অপরাহ্ণ