পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে একটি মসজিদে বোমা হামলা ও পরবর্তী বন্দুকযুদ্ধে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আফগান সীমান্তের কাছে কোহাটে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরে জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হচ্ছিলেন। এ সময় মসজিদের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি ধাক্কা দিলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ জানান, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। বিস্ফোরণের পর কয়েকজন বন্দুকধারী পুলিশ চত্বরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গুলিবিনিময় হয়।
জ্যেষ্ঠ উদ্ধার কর্মকর্তা বিলাল ফাইজি জানান, আহতদের বেশিরভাগই ছিলেন মুসল্লি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসক ড. তাহির শাহ।
এখন পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে ওই অঞ্চলে আইএসআইএলের একটি আঞ্চলিক শাখা এবং পাকিস্তান তালেবান (টিটিপি) সক্রিয় রয়েছে। তারা অতীতেও দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৫৩ অপরাহ্ণ