‘ফেক নিউজ’ অভিযোগে ৩ সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:০৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তিনটি প্রভাবশালী সংবাদমাধ্যম—CNN, MS NOW এবং Politico-এর প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। এসব সংবাদমাধ্যম তার প্রশাসন সম্পর্কে ‘ভুয়া খবর’ প্রকাশ করছে—এমন অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভুয়া খবর’ প্রকাশের কারণে অবিলম্বে CNN, MS NOW ও Politico-কে হোয়াইট হাউসে নিষিদ্ধ করা হচ্ছে।

ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার প্রশাসন কিংবা দেশ সম্পর্কে সংবাদ প্রকাশের সময় এসব সংবাদমাধ্যমের ‘মনগড়া তথ্য’ ও মিথ্যা প্রচারের সুযোগ থাকা উচিত নয়। একই সঙ্গে আরও কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধেও ভবিষ্যতে একই ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি।

পরে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, এসব সংবাদমাধ্যমকে তিনি ‘ফেক নিউজ’ মনে করেন। তবে নিষেধাজ্ঞাটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। শুক্রবার বিকেল পর্যন্ত সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর সাংবাদিকদের হোয়াইট হাউস প্রাঙ্গণে কাজ করতে দেখা গেছে।

ট্রাম্পের ঘোষণার পর বিষয়টি নিয়ে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা তৈরি হয়েছে। সংবাদমাধ্যমের হোয়াইট হাউস প্রবেশাধিকার সীমিত করার বিষয়টি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা সংবাদমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়ে আইনগত প্রশ্ন উঠেছে।

এর আগে ২০২৫ সালেও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাংবাদিকদের হোয়াইট হাউসের বিভিন্ন কার্যক্রমে প্রবেশাধিকার সীমিত করেছিল ট্রাম্প প্রশাসন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই হয়।

কালের আলো/এম/এসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন