দুই দিনের অভিযানে ডিএমপির ৪৪০৭ মামলা, রেকার ৫৮১ গাড়ি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৪৬ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে ৪ হাজার ৪০৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ১ হাজার ১৯টি গাড়ি ডাম্পিং এবং ৫৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার (১৭ ও ১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১২৯টি, লালবাগে ২০১টি, মতিঝিলে ৫৫৬টি, ওয়ারীতে ৫০৭টি, তেজগাঁওয়ে ৩৪৬টি, মিরপুরে ৯৬২টি, উত্তরা বিভাগে ১ হাজার ১০৫টি এবং গুলশান বিভাগে ৬০১টি মামলা করা হয়েছে।

এর মধ্যে উত্তরা বিভাগে সবচেয়ে বেশি ১ হাজার ১০৫টি এবং মিরপুর বিভাগে ৯৬২টি মামলা হয়েছে। অন্যদিকে রমনা বিভাগে সবচেয়ে কম ১২৯টি মামলা করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালের আলো/এম/এসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন