বিএনপিকে চাপে রেখে ক্ষমতায় আসা সম্ভব নয়: এ্যানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৫২ অপরাহ্ণ

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপিকে চাপে রেখে বিরোধীদল ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়। তবে এভাবে ক্ষমতায় আসা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

এ্যানি বলেন, বিরোধীদল সরকারকে সহযোগিতা করার কথা বললেও বাস্তবে নানা কর্মসূচির মাধ্যমে অসহযোগিতা করছে। তাদের লংমার্চ ও রোডমার্চের কারণে মানুষের চলাচলে দুর্ভোগ, যানজট ও অসুস্থ রোগীদের ভোগান্তি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধীদল সরকারের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করছে। গ্যাস ও তেলের দাবিতেও তারা আন্দোলন করছে। কিন্তু দীর্ঘদিনের সংকটের পর সরকার দায়িত্ব নিয়েছে; ছয় মাসের মধ্যে সব গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধান করা সম্ভব নয়।

বিএনপিকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, কোনো ধরনের সুযোগ নিয়ে কেউ যেন বাংলাদেশ ও জনগণের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-যুবকদের অংশগ্রহণের মধ্য দিয়ে সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে। এর ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশের দায়িত্ব পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এম/এসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন