ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে প্রশ্ন ইয়ামালের, উদাহরণ মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৪৫ অপরাহ্ণ

ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। তার মতে, বিশ্বের সেরা ফুটবলার বাছাইয়ে এখন ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে গোল, অ্যাসিস্ট ও দলীয় সাফল্যকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

মুভিস্টার প্লাসের ‘ইউনিভের্সো ভালদানো’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সময়ে ব্যালন ডি’অর নিয়ে আলোচনা অনেকটাই ব্যক্তিগত শ্রেষ্ঠত্বকেন্দ্রিক ছিল। কিন্তু বর্তমানে মূল্যায়নের ধরন বদলে গেছে।

ইয়ামালের মতে, চ্যাম্পিয়নস লিগ জয় একটি দলীয় অর্জন। তাই কোনো খেলোয়াড় শুধু দলকে এই শিরোপা জেতাতে সাহায্য করেছেন বলেই ব্যক্তিগতভাবে ব্যালন ডি’অরের দাবিদার হয়ে যাবেন—এমনটা হওয়া উচিত নয়। একইভাবে বেশি গোল করাও একমাত্র মানদণ্ড হতে পারে না বলে মনে করেন তিনি।

বার্সেলোনা তারকার ভাষায়, গোলসংখ্যা ও শিরোপা ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে সম্পর্কিত হলেও একজন খেলোয়াড় মাঠে কতটা আলাদা প্রভাব ফেলছেন এবং তার খেলা কতটা উপভোগ্য—সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন।

ইয়ামাল নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। অনেক ম্যাচে গোল বা অ্যাসিস্ট না করেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকার কথা জানান তিনি। তার কাছে ফুটবল শুধু গোল করার বিষয় নয়; গোলরক্ষকের পা থেকে বল বের হওয়ার পর একটি আক্রমণ গড়ে ওঠার পুরো প্রক্রিয়াটিই খেলার গুরুত্বপূর্ণ অংশ।

বর্তমান প্রজন্মের ফুটবল দেখার ধরন নিয়েও মন্তব্য করেন ইয়ামাল। তার মতে, অনেকে এখন পুরো ম্যাচ না দেখে অ্যাপের পরিসংখ্যান—গোল, অ্যাসিস্ট কিংবা অন্যান্য সংখ্যার ওপর বেশি নির্ভর করেন। এতে মেসুত ওজিলের মতো প্লেমেকারদের প্রভাবও যথাযথভাবে মূল্যায়িত না হওয়ার ঝুঁকি থাকে বলে মনে করেন তিনি।

সাক্ষাৎকারে সতীর্থ ফেরমিন লোপেস, এরিক গার্সিয়া ও জুল কুন্দের সঙ্গে মাঠের কৌশলগত বোঝাপড়ার কথাও জানান ইয়ামাল। তার মতে, ফুটবলে অনেক সময় ছোট ছোট বিষয়—যেমন সঠিক সময়ে একজন খেলোয়াড়ের দৌড় বা জায়গা তৈরি করা—আক্রমণে বড় পার্থক্য গড়ে দিতে পারে।

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে থাকা ইয়ামালের এই মন্তব্য ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত পুরস্কার মূল্যায়নের ক্ষেত্রে পরিসংখ্যান ও নান্দনিকতার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন