পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপিকে চাপে রেখে বিরোধীদল ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়। তবে এভাবে ক্ষমতায় আসা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এ্যানি বলেন, বিরোধীদল সরকারকে সহযোগিতার কথা সংসদে বললেও বাইরে গিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারকে অসহযোগিতা করছে। তাদের লংমার্চ ও রোডমার্চের কারণে যানজট, মানুষের দুর্ভোগ এবং অসুস্থ রোগীদের ভোগান্তি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশকে একটি ‘ধ্বংসস্তূপের’ ওপর পেয়েছে। দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সব সংকট সমাধান করা সম্ভব নয়। অথচ বিরোধীদল গ্যাস, তেল ও বিদ্যুতের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বিএনপির এই নেতা আরও বলেন, কোনো সুযোগ নিয়ে বাংলাদেশ ও জনগণের ক্ষতি করার চেষ্টা সরকার মেনে নেবে না। ভবিষ্যতে এ বিষয়ে বিএনপি ও তারেক রহমানের সরকার সতর্ক ও সজাগ থাকবে।
তিনি দাবি করেন, ৫ আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট হঠাৎ তৈরি হয়নি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণির মানুষের আন্দোলনের মধ্য দিয়ে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশের দায়িত্ব পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এম/এসআইপি

লক্ষ্মীপুর সংবাদদাতা
প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৩৬ অপরাহ্ণ