কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামিরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ হত্যাকাণ্ডের বিচারও দ্রুত শেষ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিমের নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিছু আলামতও পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। বর্তমানে উদ্ধার করা আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো। তাদের বয়স নিহত অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বেশি। আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের মতো এ মামলাটিকেও গুরুত্ব দিয়ে দেখা হবে। বিচার বিভাগ মামলাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অপরাধের কারণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক অপরাধের পেছনে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা দেখা যায়। এসব সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক ও পারিবারিক উদ্যোগও প্রয়োজন।
তিনি আরও বলেন, শিশু-কিশোরদের সঠিকভাবে গড়ে তুলতে মোটিভেশনাল কার্যক্রম বাড়াতে হবে। স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দেওয়া প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের নৈতিক অবক্ষয় দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে।
অপরাধ সংঘটনের পর দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অপরাধের বিচার হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। দায়িত্ব গ্রহণের পর জঘন্য অপরাধগুলোর দ্রুততম সময়ে রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
কালের আলো/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ । ২:২৫ অপরাহ্ণ