সন্তান জন্মের কয়েক মাস পর সম্প্রতি প্রকাশ্যে এসেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এরপর থেকেই তাঁর চেহারা ও শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা মন্তব্য ও ট্রোলিং। এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা সালমান খান।
রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’-এর মঞ্চে ক্যাটরিনা ও বয়সী তারকাদের নিয়ে সামাজিক মাধ্যমে করা কটূক্তির প্রসঙ্গ ওঠে। তখন তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনলাইন আক্রমণের তীব্র প্রতিবাদ জানান সালমান।
সালমান বলেন, কোনো নারী মা হওয়ার পর তাঁর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু সমাজের একাংশ বিষয়টি স্বাভাবিকভাবে না দেখে ‘মোটা হয়ে গেছে’ বলে কটাক্ষ শুরু করে। একজন মাকে নিয়ে কেন এভাবে ট্রোল করা হবে—এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অভিনেতার মতে, সন্তান জন্মের পর অভিনেত্রীরা নিজেদের সময় নিয়ে শারীরিকভাবে প্রস্তুত হয়ে আবার পর্দায় ফিরতে পারেন। তাই তাঁদের ওপর দ্রুত আগের চেহারায় ফেরার অযথা চাপ তৈরি করা উচিত নয়।
নিজের ট্রোলিংয়েরও জবাব সালমানের
শুধু নারীদের নিয়ে করা মন্তব্য নয়, নিজের বয়স ও ওজন নিয়েও দীর্ঘদিন ধরে চলা ট্রোলিংয়ের জবাব দেন সালমান। তিনি বলেন, তিনি আর ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার সময়কার বয়সে নেই। বয়স বাড়ার সঙ্গে শরীরে পরিবর্তন আসাটাই স্বাভাবিক।
সমালোচকদের জবাব দিতে মঞ্চেই নিজের কাউবয় টুপি, জ্যাকেট ও টি-শার্ট খুলে ফেলেন সালমান। এরপর মেকআপও মুছে ফেলেন। ট্রোলারদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘ভাই মোটা হয়ে গেছে! ট্রল করো ভাইকে নিয়ে।’
‘সমালোচনা করুন, ব্যক্তিগত আক্রমণ নয়’
দর্শকদের উদ্দেশে সালমান বলেন, কোনো সিনেমা ভালো না লাগলে বা অভিনয় পছন্দ না হলে দর্শকের সমালোচনা করার অধিকার রয়েছে। এতে তাঁর আপত্তি নেই। তবে সেই সমালোচনা যখন ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি ও অনলাইন গালাগালিতে পরিণত হয়, তখনই সমস্যা তৈরি হয়।
তাঁর বক্তব্যের মূল কথা, সিনেমার টিকিট কিনে দেখার অর্থ এই নয় যে পর্দার পেছনে থাকা শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করার অধিকারও পাওয়া গেল।
কালের আলো/এসএ

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:২৮ অপরাহ্ণ