কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ এবং দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রধান ফটক ও আশপাশের এলাকায় অবস্থান নেন। ক্যাম্পাসে বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক অবস্থানে থাকার কথা জানান তারা। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ রাখার দাবি জানান এবং ক্যাম্পাসের আশপাশে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে বিভিন্ন পক্ষের যোগসাজশ রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করেন।
কর্মসূচিতে জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএ

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:০৩ অপরাহ্ণ