তিন দফা দাবিতে শেকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:১৬ অপরাহ্ণ

প্রস্তাবিত ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগসহ তিন দফা দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবুজ্জামান একাডেমিক ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান নিয়োগ, ভেটেরিনারিয়ান ও ডিপ্লোমাধারীদের দায়িত্ব ও পদোন্নতিতে সুস্পষ্ট সীমারেখা এবং প্রতিটি উপজেলায় চারটি করে ভেটেরিনারি সার্জনের পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ দেওয়া।

শিক্ষার্থী মিনহাজ আহমেদ নাইম বলেন, এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় অনেক ভেটেরিনারিয়ান বেকারত্বের মুখে পড়েছেন। একই সময়ে ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃষ্টি হওয়ায় দায়িত্ব ও পদোন্নতির ক্ষেত্রে সুস্পষ্ট সীমারেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, একজন ভেটেরিনারিয়ান দিয়ে উপজেলা পর্যায়ের সব সেবা পরিচালনা করা সম্ভব নয়। তাই উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নিয়োগের পাশাপাশি ধাপে ধাপে ইউনিয়ন পর্যায়েও ভেটেরিনারি সেবা সম্প্রসারণ করা প্রয়োজন।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন