শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, সার, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে আলজেরিয়ার সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন শামা ওবায়েদ। একই সঙ্গে আলজেরিয়ায় পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর জন্য দেশটির সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি, ওষুধ, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

কালের আলো/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন