আসিফ মাহমুদের চ্যালেঞ্জের জবাব তদন্ত প্রতিবেদনে: শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:২৮ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা তদন্ত প্রতিবেদনেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যক্তি বা দলের পরিচয় বিবেচনা করে নয়, অনিয়মের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সচিবের অনুপস্থিতিতে বিলে সই করার বিষয়ে দেওয়া বক্তব্যের জেরে আসিফ মাহমুদ যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তার জবাবও তদন্ত প্রতিবেদনের মাধ্যমে পাওয়া যাবে বলে জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে চাইলেই গোপনীয় নথি প্রকাশ্যে আনা সম্ভব নয়। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি দেশবাসীর সামনে পরিষ্কার হবে।

তিনি জানান, মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচ মাস মেয়াদি একটি বিশেষ কমিটি কাজ করছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অপরাধের মাত্রা অনুযায়ী চাকরিচ্যুতি, মামলা, জেল ও জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতির উদাহরণ দিতে গিয়ে প্রতিমন্ত্রী পিরোজপুরের একটি বড় প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরেন। তার দাবি, প্রায় ৬ হাজার কোটি টাকার ওই প্রকল্পে ৩ হাজার ৫০০ কোটি টাকা কোনো কাজ না করেই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনি ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

এদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঠিকাদারি খাত নিয়ন্ত্রণের প্রবণতা বন্ধ এবং সৎ ব্যবসায়ীদের সুযোগ নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট রুলস’ (পিপিআর) ও সংশ্লিষ্ট অধ্যাদেশ সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

গ্রামীণ সড়ক নির্মাণের মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া অভিযোগগুলোও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে প্রকৌশলীদের প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কার্পেটিংয়ের পর তা টেকসই হতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন হয় উল্লেখ করে কারিগরি বিষয় বিবেচনায় নিয়ে মতামত দেওয়ার আহ্বান জানান তিনি।

কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে শিগগিরই সাংবাদিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মীর শাহে আলম।

কালের আলো/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন