ছুরি হাতে জয়া আহসান, ‘এরপর কী হবে’ জানতে বারণ অভিনেত্রীর

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৪০ অপরাহ্ণ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন এক লুক ঘিরে তৈরি হয়েছে রহস্য। শেফের সাজপোশাকে হাতে বড়সড় কিচেন নাইফ, মুখে রহস্যময় অভিব্যক্তি—এভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়েছেন অভিনেত্রী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া। ছবির ক্যাপশনে লেখেন, ‘ডোন্ট আস্ক হোয়াট হ্যাপেনস নেক্সট’—অর্থাৎ, ‘এরপর কী হবে, তা জানতে চেয়ো না।’

ছুরি হাতে নানা ভঙ্গিতে

প্রকাশিত ছবিতে কখনো ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো ছুরিটি মুখের কাছে ধরে পোজ দিতে দেখা যায় জয়া আহসানকে। তবে পরের ছবিগুলোতেই তৈরি হয় আরও কৌতূহল। একই সাজে হাতে ছুরি নিয়ে বড়সড় একটি নাশপাতিতে কামড় বসাতে দেখা গেছে তাকে।

এ কারণে ছবিগুলো নিছক ফটোশুট, নাকি কোনো নতুন চরিত্র বা কাজের আভাস—তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

নজরকাড়া সাজে জয়া

নতুন লুকে জয়ার উপস্থিতিতেও ছিল আলাদা আকর্ষণ। কপার হাইলাইট করা চুল সফট কার্লসে ছেড়ে রেখেছিলেন তিনি। হালকা মেকআপ, ছোট স্টাড, আংটি ও ক্লিন-গার্ল ম্যানিকিউরে বেশ পরিপাটি দেখাচ্ছিল তাকে।

তবে এই লুকের সঙ্গে নতুন কোনো সিনেমা, সিরিজ বা চরিত্রের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানাননি অভিনেত্রী। তার রহস্যময় ক্যাপশনই আপাতত ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে।

সর্বশেষ ‘আজও অর্ধাঙ্গিনী’

এদিকে সবশেষ পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-তে দেখা গেছে জয়া আহসানকে। কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি গত ১০ জুলাই মুক্তি পায়।

২০২৩ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার সিক্যুয়েল এটি। আগের কিস্তির মতো নতুন সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্য। সিনেমাটিতে মেঘনা চরিত্রে অভিনয় করেছেন জয়া।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন