জাতিসংঘকে ভবিষ্যৎ উপযোগী করতে সংস্কারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ । ২:১০ অপরাহ্ণ

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প অকল্পনীয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘের কোথায় কোথায় সীমাবদ্ধতা রয়েছে, তা চিহ্নিত করতে হবে। যেসব বিষয় বর্তমানে কার্যকর নয়, সেগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় শিল্পখাতের নেতা থেকে শুরু করে তরুণ পরিবর্তনকারীদের মতো আরও বেশি কণ্ঠকে যুক্ত করা প্রয়োজন। এর মাধ্যমে জাতিসংঘের কার্যক্রমে অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও বিস্তৃত করা সম্ভব হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, ‘আস্থা চাওয়া যায় না, এটি অর্জন করতে হয়।’

তিনি আরও বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতা মোকাবিলায় যথেষ্ট বাস্তববাদী, সংস্কারের জন্য সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে উন্মুক্ত।

ড. খলিলুর রহমানের মতে, প্রয়োজনীয় সংস্কার ও বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই জাতিসংঘকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও উপযোগী করে তোলা সম্ভব।

কালের আলো/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন