ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটে দায়িত্বে থাকা অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে গোয়েন্দা বিভাগে এবং কয়েকজনকে ট্র্যাফিক ও বিভিন্ন জোনে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এসব বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিঅ্যান্ডআরএইচআরডি বিভাগে এবং আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
অন্য এক আদেশে ট্র্যাফিক শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদি হাসান শাকিলকে নিউ মার্কেট জোনে, নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ গুলশানকে গোয়েন্দা ওয়ারী বিভাগে এবং মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্র্যাফিক শাহবাগ জোনে বদলি করা হয়েছে।
এছাড়া সহকারী পুলিশ কমিশনার মিস স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, ওই বিভাগের সহকারী পুলিশ কমিশনার মনোয়ার আকতার রিফাতকে ট্র্যাফিক শেরেবাংলা নগর জোনে, দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুলকে গোয়েন্দা মতিঝিল বিভাগে এবং ট্র্যাফিক শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার জাকির হোসেনকে দারুসসালাম জোনে বদলি করা হয়েছে।
আরও বদলি করা হয়েছে ট্র্যাফিক লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মাহতাব হোসেনকে গোয়েন্দা গুলশান বিভাগে এবং পেট্রোল-লালবাগের সহকারী পুলিশ কমিশনার মো. তারেকুল ইসলামকে ট্র্যাফিক লালবাগ জোনে।
আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কালের আলো/আরডি/এমডিএইচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৩৫ অপরাহ্ণ