যশোরবাসীর জন্য নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সেবা চালু করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত যশোর জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের সেবা নিশ্চিত করতে নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি সভায় পর্যালোচনা করা হয়েছে।
তিনি জানান, আগের সভার সিংহভাগ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। অবশিষ্ট কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সভায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সভাপতিত্ব করেন। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে দেশের গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বঙ্গোপসাগরে থাকা দুটি এফএসআরইউ থেকে এলএনজি খালাসে সাময়িক সমস্যা হয়েছিল। তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে পুনরায় খালাস শুরু হয়েছে। বিকেলের মধ্যে গ্যাসের চাপ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল ও কমলে দেশে দ্রুত জ্বালানির দাম সমন্বয়ের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
কালের আলো/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৩২ অপরাহ্ণ