ব্রহ্মপুত্র-যমুনা-পদ্মার পানি কমছে, বড় বন্যার আশঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:০১ অপরাহ্ণ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশে তৈরি হওয়া বৃষ্টির সম্ভাবনা সত্ত্বেও দেশের প্রধান নদনদীগুলোর পানি সার্বিকভাবে স্বাভাবিক ও হ্রাসমান ধারায় থাকার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পানি ভবনে অবস্থিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পরবর্তী পাঁচ দিনের নদী সমতলের পূর্বাভাস বিজ্ঞপ্তিতে এই তথ্য উঠে এসেছে।

সংস্থাটি জানায়, ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা এবং পদ্মা নদীর পানি সমতল বর্তমানে বিপৎসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী পাঁচ দিনে এসব নদীর পানি আরও কমতে পারে। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ও পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা ও ফেনী নদীর পানি স্থানীয় ও উজান বৃষ্টির কারণে সাময়িকভাবে কিছুটা বৃদ্ধি পেলেও দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনাই বেশি।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর এলাকার গভীর নিম্নচাপটি ভারতের উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়ার কারণে উজানের অববাহিকা থেকে অতিরিক্ত পানি আসার শঙ্কা বেশ সীমিত। পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী, রংপুরের তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানি সমতলে সামান্য হেরফের দেখা গেলেও আগামী দিনগুলোতে আকস্মিক বন্যায় কোনো জেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম।

উপকূলীয় এলাকাগুলোর নদনদীতে আগামী দিনগুলোতে জোয়ারের কারণে সাময়িক পানি বাড়লেও তা বিপৎসীমা অতিক্রম করবে না। উদ্ভূত আবহাওয়ায় দেশের নদী অববাহিকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হলেও বড় ধরনের কোনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না বলে স্পষ্ট করেছে বন্যা কেন্দ্র।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন