ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকে ‘ক্লিনিং ডে’তে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:২১ অপরাহ্ণ

ডেঙ্গুর বিস্তার রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে শনিবার (২৬ সেপ্টেম্বর) একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ নামে এ কর্মসূচিতে নগরবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ডিএসসিসি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আগামী তিন মাস প্রতি শনিবার এ অভিযান অব্যাহত থাকবে।

ডিএসসিসির ‘বর্ষা পূর্ব জরিপ ২০২৬’ অনুযায়ী, এডিস মশার লার্ভার ৩৫ দশমিক ২৩ শতাংশ পাওয়া গেছে বহুতল ভবনে। এছাড়া স্বতন্ত্র বাড়িতে ২৭ দশমিক ৭৬ শতাংশ, নির্মাণাধীন ভবনে ১৭ দশমিক ৪৪ শতাংশ এবং সেমিপাকা বাড়িতে ১৪ দশমিক ৫৯ শতাংশ লার্ভা শনাক্ত হয়েছে।

প্রজননস্থলের মধ্যে মেঝেতে জমে থাকা পানিতে ১২ দশমিক ২৬ শতাংশ, বালতিতে ১০ দশমিক ৩৪ শতাংশ এবং প্লাস্টিকের ড্রামে ৮ দশমিক ৮৯ শতাংশ লার্ভা পাওয়া গেছে।

যেসব এলাকায় চলবে অভিযান

শনিবার সকাল থেকে ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, ড্রেন, ছাদ ও নির্মাণাধীন ভবনে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করা হবে। পাশাপাশি জমে থাকা পানি, পরিত্যক্ত ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ারসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করা হবে।

জনসচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে র‌্যালি এবং ঘরে ঘরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ওয়ার্ড পর্যায়ের ‘ক্লিনিং ডে’ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

ডিএসসিসি বলছে, বাসাবাড়ি ও ব্যক্তিগত আঙিনায় জমে থাকা পানি, ফুলের টব, এসি-ফ্রিজের ট্রে কিংবা অন্যান্য পাত্রে এডিস মশার প্রজনন হতে পারে। তাই শুধু মশক নিধন কার্যক্রম নয়, নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখাও জরুরি।

নগরবাসীকে কোথাও পানি জমতে না দেওয়ার পাশাপাশি তিন দিনের বেশি পানি জমে থাকলে তা অপসারণের আহ্বান জানিয়েছে ডিএসসিসি। কর্মসূচি সফল করতে সর্বস্তরের নগরবাসী ও গণমাধ্যমের সহযোগিতাও চেয়েছে সংস্থাটি।

কালের আলো/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন