লালমনিরহাটে উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১১ মিটার। যা বিপৎসীমার ৫২ দশমিক ১৫ মিটারের মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত দুই দিনের টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তিস্তার পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিস্তার বাম তীরের জেলা লালমনিরহাটের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যেও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গোবর্দ্ধন চরের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, এবার স্থায়ী বড় কোনো বন্যা হয়নি। তবে নদীর পানি যেভাবে বাড়ছে, তাতে বড় বন্যার আশঙ্কা করছেন তারা।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বাড়ছে। ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পানি সমতলে আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।
কালের আলো/এমএসআইপি

লালমনিরহাট সংবাদদাতা
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:০৭ অপরাহ্ণ