দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত যেসব ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব হবে, তাদের গ্রেপ্তারে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। তিনি জানান, গত সপ্তাহে এমন দুইজনকে এবং শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আত্মগোপনে থাকা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা তথ্যকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, এতদিন যারা আত্মগোপনে ছিলেন, তাদের বিষয়ে পুলিশের গোয়েন্দা সহায়তা আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এ সময় তিনি ২০২৪ সালের সহিংসতা এবং গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন হিসাবের কথা উল্লেখ করেন।
শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশের কাছে তাদের ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। তারা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:২৬ অপরাহ্ণ