পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার নয়, আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১:২৭ অপরাহ্ণ

দায়িত্ব পালনে ভালো করলে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্বে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ বা অপরাধে জড়ালে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনে মামলা ও বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জন্য ‘পানিশমেন্ট-রিওয়ার্ড’ ব্যবস্থা চালু থাকবে। যারা ভালো কাজ করবেন এবং প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে দায়িত্বে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা অপরাধে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অতীত অভিজ্ঞতা রয়েছে। অনেক পুলিশ সদস্যকে অবৈধ নির্দেশ পালনেও বাধ্য করা হয়েছিল। তবে এখন পুলিশ সদস্যদের নিজেদের সংশোধন করে নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।

পুলিশ কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ এখন ‘রাজা-বাদশাহ’ নয়, ‘জনগণের পুলিশ’ দেখতে চায়। কোনো কর্মকর্তা এমন কর্মকাণ্ড করবেন না, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়।

সৎভাবে দায়িত্ব পালনের চেষ্টা করলে ভুলত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। তবে দায়িত্ব পালনে ব্যর্থতা কিংবা অপরাধে জড়ালে তার পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ জন্য পুলিশের জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সুবিধা বাড়ানো হবে।

পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে আগামী সপ্তাহে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের কথা জানান তিনি। এ ইউনিটের সদর দপ্তরের পাশাপাশি মেট্রো, জেলা ও বিভাগীয় পর্যায়ে শাখা থাকবে। আধুনিক প্রযুক্তি ও ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় সুবিধাও ধাপে ধাপে বাড়ানো হবে।

তিনি বলেন, বর্তমানে অপরাধের বড় একটি অংশ সাইবার স্পেসকে কেন্দ্র করে সংঘটিত হচ্ছে। তাই আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত ও অপরাধ দমনের সক্ষমতা বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন