মানবতাবিরোধী অপরাধীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর কথা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:১৯ অপরাহ্ণ

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) চালু আছে এবং চালু থাকবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত প্রত্যেকের বিচার করা হবে।

তিনি বলেন, যারা দেশে গণহত্যা চালিয়েছে এবং মানুষের ওপর গুলি চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। গত ১৭ বছরে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি ও তাদের সহযোগীরা যেসব দেশে অবস্থান করছেন, সেসব দেশের কাছে তাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে তাদের বিচার হয়েছে। প্রয়োজনে তারা আপিলের সুযোগ চাইলে সেই সুযোগ দেওয়া হবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয়েছে। তবে ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র সুসংহত করতে কাজ করছে। ভবিষ্যতে দেশে যেন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থান না ঘটে, সে লক্ষ্যে সাংবিধানিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম কমানো হবে। এটি সরকারের প্রতিশ্রুতি। বিশ্ববাজারে দাম বাড়ার কারণে দেশে কিছুটা দাম বাড়াতে হয়েছে এবং এতে জনগণের দুর্ভোগ হওয়ায় সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএএন/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন