রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের অসহায় মরজিনা বেগমের দিন কাটছে নানা সংকটে। বিদ্যুৎ নেই, নেই পানির ব্যবস্থা কিংবা শৌচাগার। তার ওপর বৃষ্টি হলেই জরাজীর্ণ ঘরের ছাদ চুইয়ে ভেতরে পানি পড়ে। ফলে নিরাপদ ও স্বস্তির জীবন যেন তার কাছে এখনও অধরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নানা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত মরজিনা একটি নিরাপদ ঘরের প্রত্যাশায় রয়েছেন। বর্তমান ঘরটি এতটাই জরাজীর্ণ যে বৃষ্টি হলে ঘরের ভেতরেই পানি জমে যায়। বয়সের ভারে ন্যুব্জ এই নারীর জন্য এমন পরিবেশে বসবাস করা অত্যন্ত কষ্টকর।
আলমবিদিতর ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল আলম বলেন, মরজিনার অসহায়ত্বের বিষয়টি তার জানা। ইতোমধ্যে তার বয়স্ক ভাতা ও রেশন কার্ডের ব্যবস্থা করা হয়েছে। তবে তার থাকার ঘরটি খুবই জরাজীর্ণ। সমাজের সামর্থ্যবান মানুষদের মরজিনার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। তিনি সরকারি কোনো সহায়তা পাওয়ার উপযুক্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, মরজিনার জন্য একটি নিরাপদ ঘর ও প্রয়োজনীয় মৌলিক সুবিধার ব্যবস্থা করা গেলে জীবনের এই সময়ে তার কষ্ট অনেকটাই কমবে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

গঙ্গাচড়া (রংপুর)সংবাদদাতা
প্রকাশের সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৩৬ পূর্বাহ্ণ