আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্ব আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৪৪ অপরাহ্ণ

বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন।

আইনমন্ত্রী বলেন, আইনের শাসন সুদৃঢ় করা, মানুষের ন্যায়বিচারে প্রবেশাধিকার বাড়ানো, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় বিচারিক সংস্কারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি শক্তিশালী জাতীয় পদক্ষেপের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশ কাজ করছে।

ফৌজদারি কার্যবিধি সংস্কারের উদ্যোগ

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ফৌজদারি কার্যবিধি সংস্কারে বাংলাদেশের অঙ্গীকারের কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি জানান, সংস্কারের মাধ্যমে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি এবং মামলাজট কমানোর উদ্যোগ নেওয়া হবে।

এর পাশাপাশি সময়োপযোগী ও ন্যায়সঙ্গত বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও সংস্কারের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

গত ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী।

প্রতি পাঁচ বছর পরপর ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর এ আন্তর্জাতিক কংগ্রেসের আয়োজন করে।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন