রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। এ ঘটনায় তারা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে আহত সাংবাদিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত সাংবাদিকরা হলেন—প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জহিরুল ইসলাম, আগামীর সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. সিয়াম হোসেন গাজী এবং ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর সাংবাদিক মো. তোফায়েল আহমেদ।
অভিযোগ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলছিল। এ সময় কয়েকজন সাংবাদিক সেখানে সংবাদ সংগ্রহ করছিলেন। অভিযোগ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজুর নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল সাংবাদিকদের ওপর হামলা চালায়।
হামলায় সাংবাদিক সিয়াম ও তোফায়েল আহমেদের মাথায় আঘাত করা হয়। এ ছাড়া জহিরুল ইসলামকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
আহত সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর হামলা করা হয়। এতে তিনজন আহত হন।
এ ঘটনায় আহত সাংবাদিক সিয়ামের ভাই মো. সিফাত হোসেন গাজী অভিযুক্তদের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৩৫ অপরাহ্ণ