নিয়োগের অপেক্ষায় ৮১৭ প্রার্থী, সময়সীমা ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৫৩ অপরাহ্ণ

প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় এখনো ৮১৭ জন প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত রয়েছেন। তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নেন। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার জন্য কাজ শুরু করা হয়েছে।

তিনি জানান, ৩৩টি জেলার ৮৫৪ জনের চূড়ান্ত আবেদন পাওয়া গেছে। তাদের নিয়োগের জন্য ডিপিও ইস্যু করে নিয়োগপত্র দেওয়া হয়। তবে ভেরিফিকেশনের সময় অনেকের ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন বিষয় সামনে আসে। ফলে সবার নিয়োগ প্রক্রিয়া একই সময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি।

মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে প্রার্থীদের ভেরিফিকেশন ও ঠিকানা সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। যাদের নিয়োগ এখনো হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হচ্ছে। এ প্রক্রিয়া ১ অক্টোবর পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যাদের নিয়োগ দেওয়া সম্ভব হবে না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন