আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওইদিন দুপুর ২টায় নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, আগে বিশ্ব শিক্ষক দিবসে ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হতো। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১০০ জন করা হয়েছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষককে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হবে।
তিনি জানান, সম্মাননার তালিকায় প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবেন। পাশাপাশি চিকিৎসা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রের শিক্ষকদেরও নির্বাচন করা হবে।
এবার শিক্ষকের সংখ্যা বাড়লেও প্রত্যেকের সম্মাননার অর্থ দুই লাখ টাকা থেকে কমিয়ে এক লাখ টাকা করা হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগে ১২ জনকে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো। এবার ১০০ জনকে এক লাখ টাকা করে মোট এক কোটি টাকা দেওয়া হবে।
শিক্ষক নির্বাচনের জন্য একটি কমিটি রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যমান নীতিমালা অনুসরণ করেই শিক্ষক নির্বাচন করা হবে। ওই নীতিমালায় ১২ থেকে ১৩টি মানদণ্ড রয়েছে।
তিনি আরও বলেন, এবার ১০০ জন শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে। শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় তাদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বাড়াতে সরকার কাজ করবে।
শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষকদের আরও বেশি সম্পৃক্ত করতে আগামী দিনগুলোতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:১৬ অপরাহ্ণ