দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা, ইএ-৩-এর অন্ত্যেষ্টিক্রিয়া সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার নিজ গ্রাম রামহরিপাড়ায় বৌদ্ধ ধর্মীয় রীতি ও প্রথা অনুযায়ী তাঁর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত এই নৌসদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন ব্যানএফএমইউ-১১-এ দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ট্রোম্যান খীসা। পরে ভারতীয় ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাঁর অবদানের কথা স্মরণ করে জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিশেষ প্রতিনিধি এবং দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ট্রোম্যান খীসার মরদেহ ঢাকায় আনা হয়। পরে মরদেহ তাঁর পৈতৃক নিবাস রাঙ্গামাটিতে নেওয়া হয়। সোমবার সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।
শেষকৃত্য অনুষ্ঠানে নৌবাহিনীর কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক সদস্য, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সহকর্মী, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষ শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত ট্রোম্যান খীসার স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ এবং মেডেল তুলে দেওয়া হয়।
ট্রোম্যান খীসা ১৯৮৭ সালের ১৩ জুন রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তিনি ২০২৬ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে যোগ দেন।

এদিকে ট্রোম্যান খীসার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:০৫ অপরাহ্ণ