রূপপুরে মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব পড়বে না: জাহেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ । ১:১০ অপরাহ্ণ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের চুক্তির কোনো নেতিবাচক প্রভাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রূপপুরে প্রভাবের আশঙ্কা নেই

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক চুক্তির কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আমি মনে করি না পড়বে।’

তিনি বলেন, বাংলাদেশ মাত্র পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করেছে। ভবিষ্যতে দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের বিকল্প খোলা রাখতে হবে।

আরও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সম্ভাবনা

বাংলাদেশ ভবিষ্যতে আরও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে কি না, সেটিও বিবেচনার বিষয় বলে জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার ক্ষেত্রে শুধু জ্বালানি সরবরাহই গুরুত্বপূর্ণ নয়; প্রকৌশলীদের প্রশিক্ষণসহ আরও অনেক জটিল বিষয় রয়েছে। দেশের প্রয়োজন ও ভবিষ্যৎ জ্বালানি পরিস্থিতি বিবেচনায় এসব বিষয়ে পরবর্তী সময়ে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা হবে।

জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ শুরু থেকেই জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ বজায় রেখে আসছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সংকট ও সমস্যা থাকলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশের স্বার্থে যেখানে প্রয়োজন, সেখানেই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা থাকবে।

চীন, ভারত, রাশিয়া, তুরস্কসহ প্রয়োজনীয় সব দেশের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন