গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জিয়া উদ্যানে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি নেতাকর্মীদের বাঁচানো নয়, জনগণের নিরাপত্তা এবং জানমাল রক্ষা করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। তার অভিযোগ, ফ্যাসিবাদের চরিত্র বহনকারী কিছু ব্যক্তি এখনো দেশে সক্রিয় রয়েছে।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, আত্মত্যাগ, গুম-খুন ও জেল-জুলুমের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে জনগণ ফ্যাসিবাদীদের দেশ থেকে বিতাড়িত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ভোরবেলায় হঠাৎ ককটেল মিছিল, বোমা বিস্ফোরণসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবন অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ড গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে সজাগ রয়েছেন। কোনো অবস্থাতেই দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।
গয়েশ্বর চন্দ্র রায় প্রশাসনের প্রতি এসব কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
শ্রদ্ধা নিবেদনের সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শরাফত আলী সপুসহ জিয়া মঞ্চের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ । ১:৫৩ অপরাহ্ণ