জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এনইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা। ১৩টি প্রকল্পের মধ্যে নতুন ৮টি, সংশোধিত ৩টি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে ২টি।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এর একটি হলো টিবি, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা জোরদার প্রকল্প। অন্যটি পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প।
এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ, পানিসম্পদ মন্ত্রণালয়ের বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং ভাঙন রোধসংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও ব্যবস্থাপনা স্থাপন প্রকল্প, রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, র্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, সোনাগাজীতে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প রয়েছে অনুমোদনের তালিকায়।
সভায় পরিকল্পনামন্ত্রী এরই মধ্যে অনুমোদন দেওয়া ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও ১৫টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে শিক্ষা অবকাঠামো, বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন, বিদ্যুৎকেন্দ্র, কৃষি ও পানি ব্যবস্থাপনা, নদীভাঙন প্রতিরোধ, সড়ক উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশনসহ বিভিন্ন খাতের প্রকল্প রয়েছে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৩৪ অপরাহ্ণ