বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতি তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার শুধু পরিকল্পনা গ্রহণ করেই বসে নেই, বরং নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ সংগ্রামের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
গয়েশ্বর আরও বলেন, লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।
কালের আলো/এসকে/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:২৩ অপরাহ্ণ