সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা, গবেষণা এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (এএসইউ) সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ। এ সহযোগিতার আওতায় শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিল্পখাত ও বিনিয়োগকে যুক্ত করে একটি কার্যকর প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ার ওপর গুরুত্ব
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ফোর সিজনস হোটেলে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এএসইউর প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ ও পরিকল্পনাবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বৈঠকে বাংলাদেশে কার্যকর সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তুলতে প্রকৌশল শিক্ষা, গবেষণা, দক্ষ জনশক্তি উন্নয়ন, শিল্পখাত এবং বিনিয়োগকে সমন্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পাঠ্যক্রম ও দক্ষ জনশক্তি উন্নয়নে সহযোগিতা
সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে সেমিকন্ডাক্টর ও মাইক্রোইলেকট্রনিক্স বিষয়ে আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষক ও পেশাজীবীদের প্রশিক্ষণ, প্রয়োগভিত্তিক গবেষণা এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের অংশীদারত্বের বিষয় উঠে আসে।
এ ছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর শিল্পের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির বিষয়েও আলোচনা হয়।
স্টেম শিক্ষায় গুরুত্ব
বৈঠকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও গভীর করার সুযোগের কথা তুলে ধরেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্টেম শিক্ষা, শিক্ষক উন্নয়ন এবং উদীয়মান শিল্পখাতের জন্য তরুণদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন। প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় দক্ষতা যুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষা-গবেষণার সঙ্গে শিল্প ও বিনিয়োগের সংযোগ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সেমিকন্ডাক্টর খাতের জন্য এমন একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রয়োজন, যেখানে শিক্ষা ও গবেষণার সঙ্গে শিল্প, বিনিয়োগ এবং প্রযুক্তির বাণিজ্যিকীকরণের সংযোগ থাকবে।
এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে প্রযুক্তিনির্ভর শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও গবেষণা সক্ষমতা গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে বলে বৈঠকে আলোচনা হয়।
উচ্চশিক্ষার রূপান্তর নিয়েও আলোচনা
বৈঠকে এএসইউর ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের সঙ্গে উচ্চশিক্ষার রূপান্তর এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
এ ছাড়া দুই পক্ষের মধ্যে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের বিষয়েও আলোচনা হয়েছে। সম্ভাব্য এমওইউতে সেমিকন্ডাক্টর শিক্ষা ও দক্ষ জনশক্তি উন্নয়ন, গবেষণা, পাঠ্যক্রম ও শিক্ষক উন্নয়ন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সম্পৃক্ততা এবং উচ্চশিক্ষার রূপান্তরের বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে।
উভয় পক্ষই এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি বাস্তবায়নযোগ্য প্রকল্প এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চিহ্নিত করার আগ্রহ প্রকাশ করেছে। ফলে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ ও এএসইউর মধ্যে ভবিষ্যতে আরও প্রাতিষ্ঠানিক সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।
কালের আলো/এসএ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৫৩ অপরাহ্ণ