কারা পাবেন টিসিবির ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৩৭ অপরাহ্ণ

ভর্তুকি ও সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ফ্যামিলি কার্ড নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। কারা এ কার্ড পাবেন, সে বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

নির্দেশনা অনুযায়ী, হতদরিদ্র পরিবার, নিম্ন আয়ের মানুষ, ভূমিহীন, কৃষিশ্রমিক, দিনমজুর, চা-শ্রমিক, চাতালশ্রমিক, কারখানার শ্রমিক এবং উপার্জনে অক্ষম ব্যক্তিরা টিসিবির ফ্যামিলি কার্ডের জন্য বিবেচিত হবেন।

এ ছাড়া বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা ও অসচ্ছল বয়স্ক নারীপ্রধান পরিবার এবং যেসব দুস্থ পরিবারে শিশু বা প্রতিবন্ধী সদস্য রয়েছে, তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

কার্ড পেতে আবেদনকারীকে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং নিজ এনআইডি দিয়ে নিবন্ধিত সচল মোবাইল নম্বর থাকতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর এনআইডির তথ্যও দিতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তি টিসিবির সুবিধাভোগী হতে পারবেন না।

টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার নিয়মিত ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি পাবে। ভোজ্যতেলের প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা এবং চিনি প্রতি কেজি ৭০ টাকা দরে দেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়া সাপেক্ষে পরিবারগুলোকে ৫ কেজি চালও দেওয়া হবে।

অনিয়ম ঠেকাতে ডিলারের দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের তথ্য ‘টিসিবি সেবা অ্যাপ’-এর মাধ্যমে কেন্দ্রীয় ডেটাবেইসে সংরক্ষণ করা হবে।

এ ছাড়া রমজান ও ঈদুল আজহায় সাধারণ মানুষের জন্য ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থাও থাকবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন