রাজধানীর মিরপুর-১০ ও ১৩ নম্বর এলাকায় হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সংসদ সদস্য হিসেবে তাকে না জানিয়ে অভিযান পরিচালনা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা না রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমানের দাবি, মিরপুর-১০ তার সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। অথচ উচ্ছেদ অভিযানের বিষয়ে তাকে অবহিত করা হয়নি বা কোনো ধরনের পরামর্শও করা হয়নি। তার মতে, স্থানীয় সংসদ সদস্যকে সম্পৃক্ত করে আলোচনা করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।
এর আগে বুধবার সকালে মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদনে সিটি করপোরেশনের গাড়ি ও পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হয়েছে।
শফিকুর রহমান বলেন, ফুটপাত দখলমুক্ত করার প্রয়োজন থাকলেও এমন ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ মানুষের চলাচলের পথও স্বাভাবিক থাকে। এ জন্য সংঘাতের পরিবর্তে সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি এসব ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা নিয়ে ফুটপাতে ব্যবসার সুযোগ করে দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে বিচ্ছিন্ন পদক্ষেপের বদলে সুপরিকল্পিত ও টেকসই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার সময় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
পাশাপাশি পরিস্থিতি শান্ত রাখতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধান নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক পদ্ধতিতে হওয়া প্রয়োজন।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:০৬ অপরাহ্ণ