সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারের সম্পদের হিসাব চায় দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:১৬ অপরাহ্ণ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

দুদক জানিয়েছে, প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালানে জড়িত থাকা এবং অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে দেশে-বিদেশে আবাসিক সম্পদ গড়ে তুলে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে প্রলয় কুমারের নামে ৯২ লাখ ১৪ হাজার ৮৭২ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পেয়েছে দুদক। একই অনুসন্ধানে তার প্রয়াত স্ত্রী বিপ্লবী রানীর নামে ৩৫ লাখ ৫৬ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদের প্রাথমিক সত্যতাও পেয়েছে সংস্থাটি।

দুদক জানায়, প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী প্রলয় কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ক্ষমতার পটপরিবর্তনের পর প্রলয় কুমার জোয়ারদারের চার দেশে ছয়টি বাড়ি থাকার অভিযোগের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছিলেন এক আইনজীবী।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন