ফাইনালে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন রক্সি

রাজশাহী সংবাদদাতা
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:৪৬ অপরাহ্ণ

রাজশাহীতে প্রথম আলো ও স্টার নিউজের যৌথ উদ্যোগে আয়োজিত নারী ফুটবল টুর্নামেন্টে রাজশাহী অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েছে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি ২-১ গোলে চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনালের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। নবম মিনিটে পাপিয়া আক্তারের গোলে এগিয়ে যায় রক্সি ফুটবল একাডেমি। তবে তিন মিনিট পরই চাঁপাইনবাবগঞ্জের নুরীনা বেগম গোল করে ম্যাচে সমতা ফেরান। বিরতির ঠিক আগে ৩৫ মিনিটে আলেফা আক্তারের গোলে আবারও এগিয়ে যায় বগুড়ার দলটি।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রক্সি ফুটবল একাডেমি। ফাইনালে গোল করে ম্যাচসেরার পুরস্কার পান রক্সির পাপিয়া আক্তার।

এর আগে প্রথম সেমিফাইনালে জয়পুরহাটের সানরাইজ ফুটবল একাডেমিকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে রক্সি। ওই ম্যাচে ম্যাচসেরা হন রক্সির আলেফা আক্তার।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমি ৩-০ গোলে রাজশাহীর ফিরোজ কবির ফুটবল একাডেমিকে হারায়। জোড়া গোল করে ম্যাচসেরা হন চাঁপাইনবাবগঞ্জের আঁখি আক্তার।

সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হকসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন