রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে মো. সোহান নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে আহত করার ঘটনায় হাতিরঝিল থানা যুবদলের সাবেক ও বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আহত সোহান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি পেট্রোল পাম্পের গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কথাকাটাকাটির একপর্যায়ে সোহানকে মারধর করে মাথায় আঘাত করা হয়। এ সময় স্থানীয়রা সাইমনসহ কয়েকজনকে ঘিরে ফেললে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়।
ঘটনার পর চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি বলেন, হামলার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তারা পরস্পরের পরিচিত। তদন্তে কথাকাটাকাটি ও হামলার কারণ জানা যাবে।
এদিকে স্থানীয়ভাবে ফাঁকা গুলি ছোড়ার কথাও শোনা গেছে। তবে পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করেনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা যাচাই করা হচ্ছে। গুলি ছোড়ার ঘটনা সত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ওসি বলেন, আহত সোহান এজাহারে যে অভিযোগ উল্লেখ করবেন, তার ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে চারজন পুলিশ হেফাজতে রয়েছেন।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ । ১২:৪৬ অপরাহ্ণ