অনুমোদনের বাইরে পণ্য মজুত, গুলশানে চার ওয়্যারহাউস সিলগালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ । ১:০৩ অপরাহ্ণ

অনুমোদিত সীমার বাইরে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল। প্রতিষ্ঠানটির মালিক শেখ নুর ইসলাম, যিনি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অভিযান পরিচালনা করে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে প্রতিষ্ঠানটির ডিপ্লোমেটিক ওয়্যারহাউস কার্যক্রমে গুরুতর অসংগতি পাওয়া যায়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত করেছে। এর মধ্যে অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।

এনবিআর জানায়, বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অননুমোদিত ওয়্যারহাউসে স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন