হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বিএনপি যাতে রাষ্ট্র পরিচালনায় সফল হয়, সে জন্য দোয়া করেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে সদ্য গঠিত সরকারের বিরুদ্ধে কেন লংমার্চের আয়োজন করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করেন এবং প্রধানমন্ত্রীর কাছে তার সালাম পৌঁছে দিতে রাশেদ খাঁনকে অনুরোধ করেন।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। এ প্রসঙ্গে তিনি অতীতের একটি ঘটনার উল্লেখ করে বিএনপির ইসলামী মূল্যবোধে বিশ্বাসের বিষয়টি তুলে ধরেন।
অন্যদিকে, নির্বাচনের আগে ইসলামের নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরকে ধন্যবাদ জানান রাশেদ খাঁন।
সৌজন্য সাক্ষাৎকালে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবুর রহমান শামীম এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ । ৭:০২ অপরাহ্ণ