মিষ্টিকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ । ৮:৪৫ অপরাহ্ণ

সংরক্ষিত নারী আসনের সদ্য পদত্যাগ করা সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের পর শুক্রবার সন্ধ্যায় দল থেকেও তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

নির্দেশনা পাওয়ার পর বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে পদত্যাগ কার্যকর হলে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।

পদত্যাগপত্রে মিষ্টি জানান, তিনি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেখানে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি।

এর আগে সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাড্ডা সেন্টারের ঘটনা তদন্তের দাবি জানান মিষ্টি। তিনি বলেন, তদন্তে যা বেরিয়ে আসবে, সেটিই গ্রহণযোগ্য হবে। দলীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিএনপির সিদ্ধান্ত যা হবে, সেটিই হবে।

রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক পর্যায়েও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই ঘটনায় দল ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া গেছে।

তবে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে শুক্রবার রাত পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি। বিষয়টি এখন পর্যন্ত সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যের ভিত্তিতেই জানা গেছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন