হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।
শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান নেন। পরে ইউএল১৮৯ (কলম্বো-ঢাকা) ফ্লাইটে আসা পাঁচ যাত্রীর ব্যাগেজ পৃথকভাবে স্ক্যান ও তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়।
অভিযানে মোহাম্মদ রবেলের ব্যাগেজ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম পাওয়া যায়। আব্দুল্লাহ আল মোবারকের কাছে পাওয়া যায় ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি গৌরী ক্রিম।
এ ছাড়া খোরশেদ আলমের ব্যাগেজ থেকে ১৮৮ কার্টন সিগারেট, মোসা. রাবেয়া বেগমের কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং মো. গোলাপের ব্যাগেজ থেকে ৯ কার্টন সিগারেট জব্দ করা হয়।
অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ (মুম্বাই-ঢাকা) ফ্লাইটে আসা মোবারক হোসেনের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ১০ লিটার ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।
সব মিলিয়ে অভিযানে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা বলে জানিয়েছে এনবিআর।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ । ৯:০৪ অপরাহ্ণ