রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের বিশেষ চালান সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে নেওয়া হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড ও এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নিরাপত্তাবহর ইউরেনিয়াম নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয়। বহরে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনটি লরিতে ইউরেনিয়াম এবং আরেকটি লরিতে অন্যান্য সরঞ্জাম নেওয়া হচ্ছে। জ্বালানিবাহী বহর চলাচলের সময় মহাসড়কের একটি লেন সম্পূর্ণ ফাঁকা রাখা হচ্ছে।
এর আগে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে জটিলতা কাটিয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৩ মিনিটে একটি বিশেষ কার্গো উড়োজাহাজে ইউরেনিয়ামের চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
প্রকল্প সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য আরও দুটি চালানে ইউরেনিয়াম আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে দেশে পারমাণবিক জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো সরবরাহ শেষ করার লক্ষ্য রয়েছে।
রূপপুর প্রকল্পের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।
রাশিয়ার সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হচ্ছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ১০:১৫ পূর্বাহ্ণ