রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৪৫, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ১০৫, গুলশানে ২৩, উত্তরা বিভাগে ৩৮ এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।
অভিযান চলাকালে একটি দেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, সাতটি চাপাতি, চারটি রামদা, একটি প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, পাঁচ ক্যান বিয়ার, তিনটি মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ১২:২৪ অপরাহ্ণ